দেবীগঞ্জে স্কুলে এসে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু

আকতারুজ্জামান , দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:২১ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসদরের করতোয়া সেতুর টোলপাড় সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাইকেলে করে সময়মতো স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে ঢুকে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, পড়ে যাওয়ার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই অনুপমার মৃত্যু হয়েছিল।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

Link copied!