বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হিন্দুপাড়ায় সন্ত্রাসবিরোধী সমাবেশে কঠোর বার্তা দিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল। তিনি ঘোষণা দেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক কার্যক্রমে পরিচিত এই এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করা হবে।
সমাবেশে ওসি আশিক ইকবাল বলেন, “দেড় যুগ ধরে যেসব অপকর্মের কারণে শাবরুল এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।” তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে অপরাধীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অশান্ত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :