অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪৭ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জব্দ করা হয়েছে ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন।

সোমবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পপি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিরাজপুর বাজারের মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এসব তেল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে গুদামজাত করা হয়েছিল এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং গুদামে থাকা সব জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেল সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ জনগণের কাছে বিক্রি করা হচ্ছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

Link copied!