ফরিদপুরে ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা গ্রেপ্তার

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ পিএম

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ঘটে যাওয়া সেই বর্বরোচিত ও আলোচিত ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আকাশ মোল্লা (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তার বাড়ির পাশের একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তারের সময় আকাশের আচরণ অত্যন্ত অসংলগ্ন ছিল।

গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে অভিযুক্ত আকাশ মোল্লা হঠাৎ একটি কোদাল নিয়ে উপস্থিত ব্যক্তিদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫) নিহত হন। এ সময় রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন গুরুত্বর আহত হন, যার অবস্থা আশঙ্কাজনক।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো নিগূঢ় রহস্য বা কারণ আছে কি না, তা আমরা গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

এই লোমহর্ষক ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গদাধরডাঙ্গী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Link copied!