রাজবাড়ী সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বাবার কোল থেকে ছিটকে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে তার সাড়ে তিন বছরের শিশু কন্যা সাফিয়া।
নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে ছোট্ট শিশু সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে আকস্মিক বজ্রপাত হলে মুহূর্তেই সুমন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাবার কোল থেকে ছিটকে বেশ দূরে গিয়ে পড়ে শিশু সাফিয়া।
আশপাশে থাকা লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের শরীর ঝলসে গেলেও শিশু সাফিয়ার বেঁচে যাওয়া ছিল এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোল থেকে ছিটকে পড়ায় শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও সুস্থ বলে জানিয়েছেন।
মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমনের এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বাবার চিরবিদায়ে পরিবারে যখন শোকের মাতম চলছে, তখন ছোট্ট সাফিয়ার ফিরে আসা যেন বিষাদের মাঝেও এক পরম বিস্ময় হয়ে দাঁড়িয়েছে মজ্জৎকোল গ্রামের মানুষের কাছে।
আপনার মতামত লিখুন :