লোহাগড়ায় চোর আতঙ্কে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:১১ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় এলাকাবাসী চোরদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।

বুধবার সকাল ১১টায় লোহাগড়া উপজেলার মূল ফটকের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মোটর চুরি হচ্ছে। পাশাপাশি বসতবাড়ি থেকেও গরু, ছাগল, স্বর্ণালংকার, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ও ব্যাটারিসহ মূল্যবান সামগ্রী চুরি হচ্ছে। তারা আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চুরি বন্ধের দাবিতে তারা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, চুরি সংগঠিত বিষয়ে লিখিত কোনো অভিযোগ থানায় এখনো দেননি, তবে মানববন্ধন শেষে দেবেন। মানববন্ধন শেষে এলাকাবাসী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের নিকট একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, এর আগে এ ধরনের কোনো চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মানববন্ধনের পর একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!