কুমিল্লায় ছোট বোনকে হত্যা করল বড় বোন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আরসি (৮) নামের ছোট বোনকে হত্যা করেছে আপন বড় বোন। গত ৮ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরসি উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের মো. সোহেলের ছোট মেয়ে। হত্যাকারী আপন বড় বোন সাদিয়া আরেফিন আলবি (১৬)।

নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসি ও আলবির বাবা-মা উভয়ে চট্টগ্রামে থাকেন। যার কারণে তারা তাঁর কাছে থাকে। ঘটনার দিন দুপুরে আরসি খাবার খাওয়ার পর তাকে বসত ঘরে ঘুম পাড়িয়ে রাখা হয়। কিছুক্ষণ পর দাদী বাইরে থেকে ঘরে প্রবেশ করে দেখতে পান আরসি অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে তার ডাকচিৎকারে আরসির চাচা আনোয়ার হোসেন আরসিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আশিক মোহাম্মদ তকি জানান, রোগীটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমীন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহত আরসির সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পরদিন নিহত আরসির বড় বোন সাদিয়া আরেফিন আলবি অস্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে। এরপর সে হত্যার দায় স্বীকার করে জানায়, সে তার ছোট বোন আরসিকে হত্যা করেছে। পরে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ তাদের নিজ বাড়ি থেকে বড় বোনকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, আজ সকালে আরসি হত্যার মূল আসামি বড় বোনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বড় বোন সাদিয়া আরেফিন আলবি আদালতে তার ছোট বোনকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে তারা আরও তদন্ত করছেন হত্যার মূল কারণ কী।

Link copied!