ভোটের কাছে এলে হাতের কব্জি কেটে দেওয়ার হুঁশিয়ারি: খেলাফতের আকরাম আলী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ পিএম

পারভেজ মিয়া, সালথা: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ্ মো. আকরাম আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে এলে তার হাতের কব্জি কেটে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষ্মণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুজুররা দুর্বল নয়। হুজুররা নবীর চরিত্রে চরিত্রবান। তাই তারা অসভ্যপনা করে নিজের শক্তি দেখাতে চায় না। কিন্তু মনে রাখবা, এবার কেউ ভোটের কাছে এলে হাতের কব্জি কেটে দেওয়া হবে। ভোটের কাছে কেউ আসতে পারবে না।

তিনি আরও বলেন, আপনারা একবার ইসলামকে বিজয়ী করে দেখেন, আল্লাহ্ ও আল্লাহর রাসুল যা বলছেন, বাস্তবে ওলামায়ে কেরাম তাই করেন কি না। নাকি তার বিপরীত করেন। এটা পরীক্ষা করার দরকার আছে আপনাদের। আপনারা ভয় পাবেন নাকি এবার ভোট দিতে? আপনাদের কিন্তু ভয় দেখানো হবে। এ কথা আমাদের কানে আসছে।

প্রতিপক্ষ প্রার্থীর নেতাদের ইঙ্গিত করে শাহ্ আকরাম আলী বলেন, তারা ভাবছে, হুজুর যদি দাঁড়ায়, মানুষ ভোট দেবে, ভোট ঠেকাবে কিভাবে। এ কথা কিন্তু শুরু হয়ে গেছে। তারা হুজুরদের দুর্বল মনে করছে। আর নিজেদের সবল মনে করছে। তারা বিভিন্ন অনুষ্ঠানে বলছে কিভাবে আমাদের মানুষ ভোট দেয়, তা দেখে নেবে। আমরাও বললাম - তোমরা কিভাবে ভোট নাও আমরাও দেখে নেব।

তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই ইসলামের সৈনিক। দল-বেদলসহ আমরা সবাই ইসলামের সৈনিক। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। এতদিন পারিনি, এবার সুযোগ এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব, ইনশাআল্লাহ।

ফরিদপুর-২ আসনের ইসলামী সমমনা ৮ দলীয় লিয়াজোঁ কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো. এজাজুল হকের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ্ মো. জামাল উদ্দিন।

Advertisement

Link copied!