সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন–সুশাসনের জন্য নাগরিক) জানিয়েছে, মৌলভীবাজার–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের সম্পদের তথ্য প্রকাশের ক্ষেত্রে ত্রুটি ঘটেছে।
সুজনের ২ মার্চ ২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এম নাসের রহমানের মোট সম্পদ ৩৮০ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮৪১ টাকা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে, ওয়েবসাইটে তথ্য সন্নিবেশের সময় সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এই অঙ্কটি ভুলভাবে প্রকাশিত হয়েছিল। সংশোধিত হিসাবে এম নাসের রহমানের মোট সম্পদ ১০৫ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৩০১ টাকা।
সুজন জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ, সংবাদ সম্মেলন, ওয়েবসাইটে প্রকাশ এবং ভোটারদের মধ্যে বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যাতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ভোটারদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। সংস্থাটি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :