রাজশাহীতে মার্কেট দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, মাদক সংশ্লিষ্টতা ও বাড়ি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম।
সোমবার বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার কোনোটিরই ভিত্তি নেই। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি রাজশাহীর সাধারণ মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে কাজ করে আসছেন বলেও উল্লেখ করেন।
ইব্রাহিম দাবি করেন, রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য ও কার্ড বিতরণে আত্মীয়করণ, তালিকা বাণিজ্য ও অনিয়মের প্রতিবাদ করার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এ ঘটনায় ৩ নম্বর পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক রতন আলী ও টিসিবির এক ডিলার অন্তর জড়িত থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আমি কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা দখল করিনি, কারও বাড়ি দখলের সঙ্গে জড়িত নই এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আজ অপপ্রচারের শিকার হচ্ছি।
তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে সত্য জনগণের সামনে আসবে এবং মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিরা চিহ্নিত হবে।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই ও উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করা উচিত।
আপনার মতামত লিখুন :