তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম সানোয়ার , সিঙ্গাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৬:৫৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকায় পরিবেশবান্ধব তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।

সোমবার (২ মার্চ) বেলা ৩টায় সিংগাইর উপজেলার প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফারুক হোসেন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় পর্বত নামের এক লোকের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে ফ্যাক্টরিটি বন্ধের পায়তারা করছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বিধি-বিধান মেনে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের পরিবেশ দূষণের সুযোগ নেই। এসময় তিনি আরও বলেন, ফ্যাক্টরিটি স্থানীয়ভাবে ৫০/৬০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা, বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফারুক হোসেন পোদ্দার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

Advertisement

Link copied!