ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার অঙ্গীকার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জুয়েলের

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৪:৩৬ পিএম

ফরিদপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সৈয়দ জুলফিকার আলী জুয়েল।

প্রাথমিক কর্মপরিকল্পনা উপস্থাপনকালে তিনি বলেন, ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান তিনি। নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কার্যকর ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

তিনি আরও জানান, মাদক, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

নগর উন্নয়নের অংশ হিসেবে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণ, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রকল্প গ্রহণের আশ্বাস দেন জুয়েল। পাশাপাশি যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, নিরাপদ ও বাসযোগ্য ফরিদপুর গড়ে তোলাই তার মূল অঙ্গীকার। নাগরিকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী পৌর প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, নগরবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

Advertisement

Link copied!