পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছে নাসীহা ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা বইছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজানের পবিত্র মাসে যাতে কোনো পরিবার খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে পরিবারভিত্তিক তালিকা প্রস্তুত করে সহায়তার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী, কুড়িগ্রামের শিক্ষক মাওলানা মোঃ আজিজুর রহমান; ফুলবাড়ী সদর ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আশরাফুজ্জামান, ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব, মোঃ মাহাদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
নাসীহা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, "রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের প্রতিনিধিরা বলেন, রমজানকে কেন্দ্র করে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, রমজানের সময়ে এমন সহায়তা নিম্নআয়ের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি বয়ে আনে। তারা নাসীহা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, নাসীহা ফাউন্ডেশন সমাজের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও অন্যান্য মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি অন্যান্য সংগঠনও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।
আপনার মতামত লিখুন :