কেশবপুরে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৪:৩২ পিএম

যশোরের কেশবপুরে সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন এনজিও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি বলেন, কেশবপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানবাধিকার সুরক্ষা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান। এছাড়া তিনি সকল এনজিওকে নিয়মিত মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে নিজেদের কার্যক্রম তুলে ধরার জন্য অনুরোধ করেন।

দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এনজিওগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষার নিশ্চয়তা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসন এবং দরিদ্র পরিবারের শিশুদের মানসম্মত শিক্ষাসেবা পৌঁছে দিতে এনজিওদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম তার সংস্থার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, এনজিওটির কার্যক্রম ১৯৯১ সাল থেকে শুরু হয়। ১০ পরিবারে ১টি টিউবওয়েল, ২৫৩টি ডিপ টিউবওয়েল স্থাপন কাজ শেষ হয়েছে। প্রতি টিউবওয়েলে হাইজিন প্রমোশন সেশন সম্পন্ন হয়েছে। প্রতি টিউবওয়েলে সচেতনতামূলক উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। মোট ৩৯৫টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ সম্পন্ন হয়েছে। ২৫৩টি টিউবওয়েলে টুলবক্স বিতরণ শেষ হয়েছে। ২৫৩টি টিউবওয়েলে ২ জন করে কেয়ারটেকার প্রশিক্ষণ শেষ হয়েছে। ২টি টিউবওয়েলে হাইজিন কিট বিতরণ শেষ হয়েছে। ৫টি ইউনিয়নে ওয়াটসন কমিটি গঠন ও প্রশিক্ষণ শেষ হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন সমাধান এনজিও’র সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, রিইব এনজিও’র সমন্বয়ক খালিদ হাসান, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের শাখা ব্যবস্থাপক আবুল কালাম, কপোতাক্ষ নারী ও যুব উন্নয়ন সংস্থার সুফিয়া পারভীন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর জুনিয়র হিসাব রক্ষক শিপ্রা দাস, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-বিডি ৩২৯ এর সেন্টার ম্যানেজার মৃদুল সরকার ও লিটন বেপারী, যশোর জেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ ও যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পি এম এ গল্ফার, ভোরের আলো-এর নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, মানবসেবা ও সামাজিক সংস্থার পরিচালক রাকিব, এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, ভাব-এর ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু, পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলামসহ অন্যান্য বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ।

Advertisement

Link copied!