মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে ভারতের সিলেটস্থ সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে হোটেল শ্রীমঙ্গল ইন-এর কনফারেন্স হলে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদসহ স্থানীয় সুধীজন।
সভায় সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ৮৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ এলাকায় প্রায় ৫৮ শতাংশ মুসলিম এবং ৪২ শতাংশ হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠীর ভোটার বসবাস করেন। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে প্রায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে খাসি, মনিপুরী, দেববর্মা, সাঁওতাল, মুন্ডা, ওরাওঁ ও কন্দসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন, যাদের অনেকের আত্মীয়স্বজন দুই দেশেই রয়েছে।
সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) স্কলারশিপ প্রদান, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং বাস্তবায়নের জন্য উদ্যোগী থাকবেন। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখতে কাজ করা হবে। পাশাপাশি, উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও সম্প্রসারণে ভারত সরকার যত্নশীল থাকবে বলেও জানান তিনি।
এর আগে সহকারী হাই কমিশনার শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং সন্ধ্যায় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :