ফুলপুর-তারাকান্দার সার্বিক উন্নয়নই আমার অগ্রাধিকার: মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহ–২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তারাকান্দা উপজেলায় তিনি এক বিশাল নির্বাচনী গণমিছিলের নেতৃত্ব দেন।
মিছিলটি তারাকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক ও দলীয় পতাকা বহন করে নানা স্লোগান দেন। মিছিলকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুর ও তারাকান্দা উপজেলার সার্বিক উন্নয়নই তার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা এবং কর্মসংস্থানের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি ফুলপুর-তারাকান্দাকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা জানান, আগামী দিনে আরও ব্যাপক পরিসরে নির্বাচনী কার্যক্রম চালানো হবে এবং তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদার করা হবে।

Link copied!