ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা এবং পৃথক ছিনতাইয়ের দুটি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিক্সা।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ রাতে খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী এলাকায় অটোরিক্সা চালক মানিক মিয়াকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসাইন বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুজন মিয়া (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অটো ছিনতাইয়ের চেষ্টা করলে চালক বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তিনি ময়মনসিংহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
একই তদন্তে গত ২৮ মার্চ সংঘটিত আরেকটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনারও রহস্য উদ্ঘাটন হয়। ওই ঘটনায় চালক জাহিদকে মারধর করে হাত-পা বেঁধে অটোরিক্সা ছিনতাই করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাশিদুল (৩৬), সাইফুল ইসলাম (৪২), রেজাউল করিম রেজা (২৬) ও আব্দুর রাহিম (১৯)। তাদের মধ্যে আব্দুর রাহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন দৈনিক প্রতিদিনের কাগজকে জানান, দুটি মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতা জনমনে আস্থা বৃদ্ধি করেছে। পাশাপাশি সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :