ময়মনসিংহে সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ: মাদক-সন্ত্রাস দমনে স্পেশাল টিম গঠন

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ০১:৩৯ এএম

ময়মনসিংহে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই দমনে সাঁড়াশি অভিযানে নামছে জেলা পুলিশ। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি বিশেষ (স্পেশাল) টিম গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই মাঠে নামবে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ এজাহারভুক্ত ও গ্রেফতারি পরোয়ানা আসামিদের গ্রেফতারে এই অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ও এর অঙ্গসংগঠনের তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। 

গত এক মাসে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিভিন্ন অপরাধী গ্রেফতারে সাফল্য ব্যাপক সাড়া ফেলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পুলিশ আরও জোরালো পদক্ষেপ নিচ্ছে।

পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি ময়মনসিংহ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান কঠোর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের যৌথ সিদ্ধান্তে সন্ত্রাসবিরোধী এই অভিযান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে অপরাধীদের তালিকা প্রস্তুত করছেন। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে ময়মনসিংহ জেলাতে প্রায় ১০৬ জনের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

জেলা প্রশাসন ও জেলা পুলিশ  এ অভিযানে সফলতা পেতে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান প্রতিদিনের কাগজ কে বলেন, “অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের পড়াশোনার বাইরে অবাধে ঘোরাফেরা করতে দেবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের সময় অযথা ঘোরাফেরা করলে তাদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি চাই ময়মনসিংহ জেলা মাদকমুক্ত হোক, এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে।”

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জোরালো অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, “যে কোনো মূল্যে অপরাধ দমন করতে হবে। কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!