আমিনুল ইসলাম, রায়পুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থীর সভায় ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মেহেদী হাসান (১২) নামে সদরের মহাদেবপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক শিশু ফেসবুকে ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) শিশু মেহেদী হাসান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মাইলের মাথার কাছে গেলে দাঁড়িপাল্লার স্টিকার সংবলিত ৩টি মোটরসাইকেলে করে ৫/৬ জন যুবক মেহেদীর পথরোধ করে তাঁকে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় শাসায় এবং আজ থেকে দাঁড়িপাল্লার স্লোগান দিতে হবে বলে জানায়। তখন মেহেদী তা অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মেরে একটি গর্তে ফেলে দেওয়া হয়। তার চিৎকার শুনে পাশের এক মহিলা এগিয়ে এলে মোটরসাইকেলের যুবকরা পালিয়ে যায়।
শিশু মেহেদী হাসান বলেন, "ধানের শীষের স্লোগান দিছি তাই দাঁড়িপাল্লার লোকজন আমাকে মারছে। আমি এক মহিলাকে বলছি আমাকে অটোরিকশায় একটু তুলে দিতে। তিনি আমাকে সাহায্য না করলে ওরা আমাকে মেরে ফেলত।"
মেহেদীর মা লাভলী আক্তার বলেন, "একটা নিষ্পাপ শিশু, সে ভোটের কী বোঝে! আমার পরিবারের সবাই ধানের শীষের পক্ষে ভোট করে, সেজন্য আমাকেও কয়েকজন হুমকি দিয়েছে। আজ আমার ছেলেটাকে মেরে রক্তাক্ত করেছে, আমি এর বিচার চাই।"
এ-ই বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, "দুদিন আগে আবুল খায়ের ভূঁইয়ার সভায় স্লোগান দিয়ে শিশুটি ভাইরাল হয়। আজ শুনেছি জামাতের লোকজন তাঁকে মেরে রক্তাক্ত করেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আমরা এই ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেব।"
এ-ই বিষয়ে ইউনিয়ন জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদ বলেন, "উক্ত ঘটনায় আমরা খোঁজ খবর নিচ্ছি, সঠিক তথ্য জেনে তারপর মন্তব্য করব।"
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, "উক্ত বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আপনার মতামত লিখুন :