কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: বিপুল ভোটে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন

ফয়সাল মুবিন পলাশ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০৫:৩৫ পিএম

নানা জল্পনা-কল্পনার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা সকাল থেকে একে একে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছেন।

ভোটকক্ষের ভিতরে ভোটারদের অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ ছিল। ভোটকেন্দ্রের ফটকে টোকেনের মাধ্যমে মোবাইল জমা রেখে ভোট দিতে হয়েছে। ভোটদান শেষে মোবাইল ফেরত দেওয়া হয়। এ নিয়ে কিছু আইনজীবীদের মাঝে অসন্তোষ দেখা যায়। ভোটকক্ষে কোনো সাংবাদিকও প্রবেশ করতে পারেননি।

জেলা আইনজীবী সমিতিতে তিনটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক প্যানেলের প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। নির্বাচনী কেন্দ্রের প্রবেশমুখে প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে কার্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করেছেন।

এ সময় সকল প্রার্থী ও ভোটারের মাঝে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। আইনজীবী সমিতিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৮৭ জনের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ২৫৩টি। উপস্থিত ভোটাররা জানিয়েছেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এমন ঘটনা প্রথম। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়ে ৭০০টি। বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টায় ভোট পড়ে ৫৫০টি।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাত ৯টা থেকে ভোট গণনার কাজ শুরু হবে। আগামীকাল দুপুরের মধ্যে ভোটের ফলাফল প্রকাশ করা হবে। কুমিল্লা জেলা ও দায়রা জজের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনের আগে মানুষ যেভাবে নানা ভয়ভীতির আশঙ্কা করেছেন, তার কিছুই হয়নি। এই আশঙ্কাগুলো ছিল একেবারেই মিথ্যা।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকার বলেন, কুমিল্লা বারের ইতিহাসে ১,২৮৭ ভোটের মধ্যে ১,২৫৩ ভোট পড়া এক নজিরবিহীন ঘটনা। এটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই নির্বাচনে উপস্থিত হয়ে আইনজীবী সমিতিতে এসে ভোট প্রদান করায় সকল ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ইউসুফ আলীও নির্বাচনের সুষ্ঠুতা সন্তোষজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আজকের নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির সকল সদস্য শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। এই নির্বাচনে আমার জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

সাধারণ আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনের আগের ভীতি বা অনিশ্চয়তার ভাবনা ভোটের দিন ছিল না বললেই চলে, যার ফলে অংশগ্রহণ ছিল ব্যাপক। উপস্থিত আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আইনজীবীদের কল্যাণে কাজ করবে। সুশৃঙ্খল ও উৎসবমুখর এই নির্বাচন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

Link copied!