কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে প্রবাসী নাসির উদ্দিনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় মূল অভিযুক্ত দুর্ধর্ষ ডাকাত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সম্প্রতি সংঘটিত ওই লুটের ঘটনায় সন্ত্রাসীরা প্রবাসী নাসির উদ্দিনকে জিম্মি করে তাঁর কাছ থেকে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলামের নির্দেশনায় একটি চৌকস পুলিশ দল অভিযান শুরু করে। এসআই বোরহান ও এসআই বশির উদ্দিনের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন একজন চিহ্নিত দুর্ধর্ষ ডাকাত এবং তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এদিকে, অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানের জন্য সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এমন তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :