ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

আবু হুমাইর , টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ বিকেলে নিয়মিত টহল চলাকালে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর একটি টহল দল। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা গভীর সমুদ্রে দিকভ্রান্ত হয়ে পড়েন। দীর্ঘ সময় ভাসমান থাকার কারণে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটান।

উদ্ধারের পর নৌবাহিনীর সদস্যরা জেলেদের সেন্টমার্টিনে অবস্থিত নৌবাহিনী ফরোয়ার্ড বেইজে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া সকল জেলে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

নৌবাহিনী আরও জানায়, বুধবার (১ এপ্রিল) জেলেদের তাদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে।

Advertisement

Link copied!