পারিবারিক বিরোধে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০১:২২ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ফসলি জমির মাটি কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত আলী আজমের পরিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আলী আজমের তিন মেয়ে—কুসুম বেগম, আমেনা বেগম ও জোসনা বেগম তাদের পৈতৃক কৃষি জমির মালিক। কিন্তু তাদের বড় ভাই বেলায়েত হোসেন বেলাল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই জমি থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে কয়েক লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী জোসনা বেগম জানান, সম্প্রতি রাতের আঁধারে অবৈধ ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে তার জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে উল্টো তার ভাই বেলায়েত হোসেন বেলাল তাকে হুমকি-ধামকি দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে জোসনা বেগম গত ২৭ মার্চ মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান তিনি। বরং বেলায়েত আরও বেপরোয়া হয়ে রাত হলেই মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।

জোসনা বেগম বলেন, "আমার ফসলি জমি ইতোমধ্যে প্রায় পুকুরে পরিণত হয়েছে। আমি একাধিকবার বাধা দিয়েও কিছু করতে পারছি না। পুলিশ এসে গেলেও তারা চলে যাওয়ার পর আবার মাটি কাটা শুরু করে।"

তিনি আরও জানান, সর্বশেষ গতকাল রাতেও মাটি কাটার সময় পুলিশকে খবর দেওয়া হলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন ভেকু ফেলে পালিয়ে যান। তবে পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর আবারও মাটি কাটার কার্যক্রম শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন বেলালের সাথে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে কৃষি জমি রক্ষা পায় এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়।

Link copied!