কুমিল্লায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে। পৃথক দুটি অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব-১১ সূত্র জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে র্যাব-১১ মোট ৩৫৩ জন চাঞ্চল্যকর অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৩ জন সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, হত্যা মামলার ১৯৪ জন ও ধর্ষণ মামলার ১১১ জন আসামি রয়েছে। এছাড়া অস্ত্র সংক্রান্ত মামলায় ৪৯ জনকে গ্রেফতার করে ১৪৫টি অস্ত্র ও ১ হাজার ৪৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদকবিরোধী অভিযানে ৫৫৩ জনের বেশি মাদক কারবারিকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৯৬ জন অপহরণকারী গ্রেফতার ও ১০৬ জন ভিকটিম উদ্ধার, ১০৯ জন ছিনতাইকারী ও ডাকাত, ৪০ জন জেল পলাতক এবং ১৮ জন প্রতারণার আসামিসহ মোট প্রায় ৬৮৮ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
সর্বশেষ অভিযানের অংশ হিসেবে গত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রুমা বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ কেজি গাঁজা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুমা বেগম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী এবং ইকবাল হোসেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার দুতিয়া দিঘীরপাড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :