পুলিশের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে: জিএমপি কমিশনার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন, পুলিশের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। পুলিশ সদর দপ্তরে গাজীপুর সিটি মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত ও মানবিক পুলিশি সেবা প্রদান করাও সমান জরুরি। তিনি ফোর্সের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। অনুদঘাটিত মামলাগুলোর দ্রুত তদন্ত ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগরের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ নিরাপদ পরিবেশে স্বস্তিতে বসবাস করতে পারবে।

Advertisement

Link copied!