আল ইখলাস জনকল্যাণ সংস্থার উদ্যোগে চান্দিনায় ইফতার সামগ্রী বিতরণ

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামে আল ইখলাস জনকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার গল্লাই গ্রামের বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, যুবসমাজ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাওতলা আলিম মাদরাসার নুরানি হাফিজিয়া শাখার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাহমুদ হাসান, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা ওজায়ের, আলামিন সাবিক প্রমুখ।

সংস্থার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়া প্রবাসী জনাব আনোয়ার হোসাইন বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধু ইফতার সামগ্রী নয়, বছরের বিভিন্ন সময় আমরা গরীব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি নানা সহযোগিতার মাধ্যমে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারি।”

তিনি আরও জানান, গল্লাই মধ্যপাড়ার প্রবাসীরা এই মহৎ উদ্যোগে সবসময় সহযোগিতা করে আসছেন এবং তাদের জন্যও তিনি সবার কাছে দোয়া কামনা করেন। আল ইখলাস জনকল্যাণ সংস্থার এমন মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসার জোয়ার তুলেছে।

Advertisement

Link copied!