স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, চৌদ্দগ্রামে শোকের ছায়া

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রামে স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যুর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ভূঁইয়া হাবিব (৭০) একই ইউনিয়নের কলাবাগান বাজারের বিসিআইসির সারের ডিলার ছিলেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবের ছোট ভাই আব্দুল হালিম জানান, ভোররাতে মরদেহ বাড়িতে আনার পর স্ত্রী আয়েশা বেগম (৬০) স্বামীর মুখ দেখে শোকাহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে একই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বুধবার রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

Advertisement

Link copied!