দলীয় পরিচয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা -মুরাদনগরে ধর্মমন্ত্রী

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে। মন্ত্রী আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন আইন অনুযায়ী চলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নিজ সংসদীয় এলাকায় সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী অফিসার কাজী ফয়সাল বারী পূর্ণ, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Advertisement

Link copied!