মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। ২১ ফেব্রুয়ারি শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৬টায় জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রশাসনিক ভবন চত্বর থেকে এক প্রভাতফেরি বের হয়। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাতফেরিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, "১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার ভিত রচনা করেছে। ভাষা আন্দোলনের সেই আত্মত্যাগই স্বাধীনতার পথকে সুগম করেছে। শহীদদের চেতনা হৃদয়ে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।"
তিনি আরও বলেন, "৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে। দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।"
আলোচনা সভায় উপাচার্য ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক, সংগ্রামের প্রেরণা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান, গবেষণা, জ্ঞানচর্চা ও নৈতিকতার মাধ্যমে জাতির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআনখানি, দোয়া মাহফিল এবং ভাষা শহীদদের স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত এ আয়োজন নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :