ফরিদপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম

ফরিদপুর শহরে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম ইসরাত জাহান লাবণ্য (২৪)। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার খন্দকার লুৎফর রহমানের বাড়ির একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন লাবণ্য। তার বাড়ি মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা।

প্রতিবেশীরা জানান, বাড়ির মালিক ফরিদপুরের বাইরে অবস্থান করায় তার শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি তদারকি করছিলেন। একপর্যায়ে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে ভেতরে অচেতন অবস্থায় লাবণ্যকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Link copied!