আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাজিতপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

ইফরানুল হক সেতু , বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৪ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও নীরবতার মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীন, স্থানীয় সরকার প্রকৌশলী বনি আমিন, সমাজসেবা কর্মকর্তা মো. বাবুল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল এবং পরিসংখ্যান কর্মকর্তা মো. সোহাগ মিয়া।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একুশ আমাদের চেতনার ভিত্তি। ভাষা আন্দোলনের শহীদরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাঙালি জাতিকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে। তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও বিকাশে এগিয়ে আসতে।

পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালনের কথাও জানানো হয়।

Link copied!