চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নারী পথচারীর মৃত্যু

গোলাম কিবরিয়া রাকিব , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী সারা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচলকালে চান্দিনা থানাধীন কুটুম্বপুর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগম (৫৫) নামের এক নারী পথচারীকে চাপা দেয়।

নিহত আসমা বেগম গাটিগড়া গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী। দুর্ঘটনায় তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত হন। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই বাসটির অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকাবাসী বাসটি থানার সামনে নিয়ে আসে। এ বিষয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!