সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে কুমিল্লার ৪ নেত্রী

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন সম্পন্ন হয়েছে। এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। দলীয় মনোনয়ন ঘিরে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন আগ্রহী নেত্রীরা। কুমিল্লা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহী চার নেত্রীকে ঘিরে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং গত ১৭ বছরে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আলোচনায় থাকা চার নেত্রী হলেন: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা; গুম হওয়া লাকসাম পৌরসভার তৎকালীন বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিণী শাহনাজ আক্তার; কুমিল্লা জেলা মহিলা দলের সাবেক সভাপতি সাকিনা বেগম; এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আলাউদ্দিন আহমেদের স্ত্রী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা।

এ চার নারী নেত্রীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহের বিষয়টি তাঁদের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্ব সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও রাজনৈতিক অবদানকে গুরুত্ব দেবে। ফলে কুমিল্লার এই চার নেত্রী মনোনয়ন দৌড়ে কতটা এগিয়ে থাকেন, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে।

Link copied!