কুমিল্লার সমস্যা সমাধানে জীবন সায়াহ্নেও প্রতিশ্রুতিবদ্ধ: মনিরুল হক চৌধুরী

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৬ পিএম

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তিনি জীবনের শেষ প্রান্তে এসেও ওয়াদা দিয়েছেন। সময় সীমিত হলেও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সেই ওয়াদা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান তিনি।

গতকাল কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার জানাজা পূর্বে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানাজার আগে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন প্রবীণ এই রাজনীতিক।

মনিরুল হক চৌধুরী বলেন, “আপনাদের কাছে আমি দোয়া চাই। বৃদ্ধ বয়সে কুমিল্লার মানুষের কাছে ওয়াদা দিয়েছি। সময় তো কম, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবেন। মালিক আল্লাহ। আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর উপরই ভরসা করেছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এখন দোয়া করবেন যেন আমি আমার দায়িত্বও ঠিকভাবে পালন করতে পারি।”

তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, “৬৩ বছরের রাজনৈতিক জীবনে কথা দিয়ে কথা রাখিনি—এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমাদের প্রিয় কুমিল্লা শহরে অসংখ্য সমস্যা রয়েছে। এগুলো কিভাবে সমাধান করবো, তা নিয়ে গত কয়েকদিন ধরে কাগজ নিয়ে হিসাব-নিকাশ করছি। হাঁটতে গেলে হাত কাঁপে, হৃদয় কাঁপে—ভাবি এত সমস্যার সমাধান কীভাবে করবো। এজন্যই আপনাদের কাছে দোয়া চাই।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি আরও বলেন, “আমার জন্য দোয়া করার আগেই আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাইকে ভালো রাখেন।”

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ। প্রবীণ এই নেতার বক্তব্যে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মনিরুল হক চৌধুরীর এই বক্তব্য কুমিল্লার মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও ভালোবাসারই প্রতিফলন। বয়সের ভার সত্ত্বেও কুমিল্লার উন্নয়ন ও সমস্যা সমাধানে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Link copied!