মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পর্ষদে আবুল কালাম এমপি

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৫:৩৬ পিএম

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী জননেতা মোঃ আবুল কালাম। ক্লাবের স্থায়ী সদস্য ও মোহামেডান ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকা আবুল কালাম এমপির এই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ক্রীড়ামোদী ও রাজনৈতিক মহলে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নতুন পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন এমপি, আবুল কালাম এমপি, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্রীড়া সংগঠন। দেশের ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে ক্লাবটি। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে ক্লাবের ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় আবুল কালাম এমপিকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

Link copied!