কুমিল্লায় জ্বালানি তেলের তীব্র সংকট: খোলা বাজারে চড়া দামে বিক্রি

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৮:২৮ পিএম

কুমিল্লা জেলায় হঠাৎ করে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। তবে আশ্চর্যজনকভাবে পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেন না থাকায় অনেক মোটরসাইকেল ও গাড়িচালককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না তারা।

এদিকে পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বোতল ও গ্যালনে করে জ্বালানি তেল বিক্রি হতে দেখা গেছে। সেখানে প্রতি লিটার পেট্রোল ও অকটেন ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। যা সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি।

স্থানীয় কয়েকজন চালক জানান, পাম্পে তেল না থাকায় বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে তেল কিনতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অনেকেই অভিযোগ করেন, কৃত্রিম সংকট তৈরি করে অসাধু চক্র বেশি দামে তেল বিক্রি করছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পাম্প মালিকদের দাবি, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না।

এদিকে সচেতন মহল বলছে, বিষয়টি দ্রুত তদন্ত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধভাবে বেশি দামে তেল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষকে আরও দুর্ভোগ পোহাতে হবে।

Advertisement

Link copied!