ঈশ্বরদীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা লুট

মো: হাসান ইসলাম , ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০২:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় ৬ লাখ টাকা লুটে নিয়েছে। তবে পরিবারের সদস্যদের ধাওয়ায় ডাকাতদলের সদস্যরা একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফেলে পালিয়ে গেছে। গত শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রতন (৪২) ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড় প্রাণ কোম্পানি গেট সংলগ্ন এলাকায় বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে রতন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা ডাকাত দলের ২ সদস্য মোটরসাইকেল যোগে তার পিছু নেয়।

ভুক্তভোগী রতন তার বাড়ির প্রধান ফটকে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তার চোখে ঝাঁজালো কিছু স্প্রে করে। যন্ত্রণায় তিনি চিৎকার করলে ডাকাতেরা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তাদের একজনের শরীরের জ্যাকেট খুলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ডাকাতদের ফেলে যাওয়া জ্যাকেট তল্লাশি করে একটি গুলি ভর্তি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে। দ্রুত ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

এই ঘটনায় রতন ও তার সহধর্মিণী মোছা. তুলি খাতুন গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এটি আসলে ছিনতাইয়ের ঘটনা। কেননা ডাকাতি করতে ন্যূনতম ৫ জন সদস্য লাগে। আমরা ঘটনাস্থলে আছি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া জ্যাকেট থেকে একটি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো জব্দ করেছি। ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link copied!