চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ ২০২৬) রাতে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস, এএসআই (নিঃ) মো. শহীদুল্লাহ ও এএসআই (নিঃ) এরশাদ মিয়াসহ থানার একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়ারুক স্টেশন সংলগ্ন রাঢ়া মৌলভী বাজার এলাকায় হাটিলা টঙ্গীপাড়াগামী সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার নিজ হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন মো. আমির হোসেন (৩২)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাঢ়া (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত বাচ্চু মুন্সি এবং মায়ের নাম হাছিনা আক্তার।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-০৮, তারিখ ৮ মার্চ ২০২৬ এবং জি আর নং-৪৭। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :