ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সদরদী গ্রামের ছেন্টু শেখ ও তাঁর ভাই মিন্টু শেখের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বসতঘর ও রান্নাঘরসহ মোট চারটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়, প্রয়োজনীয় মালামাল ও খাদ্যসামগ্রীসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
ক্ষতিগ্রস্ত মিন্টু শেখ ও প্রতিবেশীরা জানান, রান্নাঘর থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আগুনে তাদের ঘরে থাকা চাল-ডালসহ খাদ্যসামগ্রী পর্যন্ত পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :