জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, নারীসহ আটক ৩

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০২:৪২ এএম

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণের সময় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এক নারীকে এবং বাকি দুজনকে দুপুর দেড়টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক করা হয়।

আটক হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার সিঙ্গাপুর গ্রামের রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকা মহানগরীর লালবাগ এলাকার তাহমিনা আক্তার (৪০)। এরা সবাই আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এবং দুপুর দেড়টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাদা কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে সব শহীদদের শ্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে জয় বাংলা স্লোগান দিয়ে ফুল দেওয়ার সময় তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!