নতুন মৌসুমের শুরুতেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তরুণ ব্যাটসম্যান বৈভাব সুরিয়াভানশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই মাত্র ১৫ বলে ফিফটি করে নজর কাড়লেন তিনি।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার।
ম্যাচের শুরুটা অবশ্য ভাগ্যের সহায়তায়। প্রথম বলেই ক্যাচ উঠিয়েছিলেন সুরিয়াভানশি, তবে ফিল্ডারের হাত ফসকে বেঁচে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের বলেই হাঁকান ছক্কা, আর সেখান থেকেই শুরু হয় তার ঝড়।
মাত্র তিন দিন আগে ১৫ বছরে পা দেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৫ বলে ফিফটি আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। এর চেয়ে কম বলে ফিফটি আছে কেবল রোমারিও শেফার্ড, প্যাট কামিন্স, লোকেশ রাহুল এবং ইয়াশাসভি জয়সওয়ালের।
গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে পাওয়ারপ্লেতেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হন তিনি। স্পিনার নুর আহমাদকে টানা দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন।
সুরিয়াভানশির ঝড়ো ইনিংসের পর জয়সওয়ালের অপরাজিত ৩৮ রানে ভর করে ৪৭ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজস্থান।
উল্লেখ্য, গত আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে দল পেয়ে আলোচনায় আসেন সুরিয়াভানশি। অভিষেক মৌসুমেই ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করেন তিনি।
আপনার মতামত লিখুন :