লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান। তাঁর দাবি, কেরালায় খেলতে আসার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা দল কেরালায় না আসায় একে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, আর্জেন্টিনা দলকে কেরালায় এনে ম্যাচ আয়োজনের জন্য তিনি দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে লিওনেল মেসিকে মাঠে দেখার স্বপ্ন ছিল ভক্তদের। এই মেগা ইভেন্টের জন্য স্পন্সরদের মাধ্যমে প্রায় ২৫০ কোটি রুপি সংগ্রহ করা হয়েছিল, যা ছিল এক বিশাল কর্মযজ্ঞ।
ক্রীড়ামন্ত্রীর দাবি, প্রয়োজনীয় আর্থিক নিশ্চয়তা ও প্রস্তুতি সত্ত্বেও আর্জেন্টিনা দল কেরালায় আসেনি। তিনি বলেন, “তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এমন পেশাদার একটি দলের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আশা করিনি।”
তিনি আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, বিষয়টি খতিয়ে দেখে তিনি জানতে পেরেছেন যে শুধু কেরালাই নয়—আরও পাঁচটি দেশের সঙ্গেও একই ধরনের আচরণ করেছে আর্জেন্টিনা। অর্থায়ন বা আলোচনার চূড়ান্ত পর্যায়ে গিয়েও তারা সেসব দেশে ম্যাচ খেলেনি।
এই পরিস্থিতিতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আব্দুরাহিমান। তিনি বলেন, “পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে এবং তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে।”
কেরালার ফুটবল উন্মাদনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গোটা রাজ্যের ফুটবলপ্রেমীরা বিশ্বচ্যাম্পিয়নদের অপেক্ষায় ছিলেন। সফরটি বাতিল হওয়ায় সাধারণ ভক্তদের মাঝে ব্যাপক হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছিলেন যে, চলতি বছরের মার্চে মেসি ও আর্জেন্টিনা দল কেরালা সফরে আসবে। কিন্তু সেই সফর বাস্তবায়িত না হওয়ায় এখন বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও এই বছর ভারত সফরের সময় মেসি পশ্চিমবঙ্গ ও মুম্বাইসহ কয়েকটি রাজ্যে সফর করেছেন, তবে কেরালায় তাঁর ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
আপনার মতামত লিখুন :