“মানুষ ঘুমাবে, আমি জেগে থাকবো” নিরাপত্তায় প্রতিশ্রুতি ওসি শিবিরুলের

সারোয়ার কবির ফাহাদ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম নগরীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমি কাউকে তেল দিয়ে চাকরি করি না। আইনের মধ্যে থেকে যা যা করা প্রয়োজন, সবই কঠোরভাবে বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, ময়মনসিংহ একটি শিক্ষানগরী, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে। তাই এ নগরীতে কোনোভাবেই মাদক ব্যবসা বা অপরাধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, “আগে কী করেছেন, সেটা আমার বিষয় না—এখনই সাবধান হয়ে যান। কেউ ছিনতাই বা হয়রানির শিকার হলে আমার সরকারি নম্বরে ফোন দিন, দ্রুত টিম পৌঁছে যাবে। আর মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়লে কোনো তদবির চলবে না।”

ওসি শিবিরুল জানান, দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে প্রায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী এক মাসের মধ্যে ময়মনসিংহ নগরী ছিনতাইমুক্ত হবে। মানুষ নিশ্চিন্তে ঘুমাবে, আর আমি জেগে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করব।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শহরের কোথাও ইভটিজিংয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, নবনিযুক্ত পুলিশ সুপার জনাব কামরুল হাসানের নির্দেশনা অনুযায়ী মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “নগরীর সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।” তবে তিনি সতর্ক করে বলেন, কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায় জড়িত এবং তদবির করার চেষ্টা করছে—তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা থানায় এসে তথ্য নিন, গ্রেফতারের ছবি সংগ্রহ করুন এবং সংবাদ প্রকাশ করুন। তবে কোনো অপরাধীর পক্ষে তদবির করবেন না।”

এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, সাইবার অপরাধ দমনে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, “যারা ভুয়া আইডি খুলে সম্মানিত ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, ইতোমধ্যে সন্দেহভাজনদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই সাইবার টিম অভিযান শুরু করবে।

পুলিশ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে দ্রুত একটি শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।

Link copied!