পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নগরকান্দা উপজেলা পরিদর্শন

মোমরেজ আলম , নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৮ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।

তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং নগরকান্দা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান, অবকাঠামো ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ এবং ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনসেবামুখী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নগরকান্দার উন্নয়ন ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Link copied!