ভৈরবে পঙ্গুত্বের আড়ালে চুরির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:০০ পিএম

জয়নাল আবেদীন রিটন, ভৈরব: ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে পঙ্গুত্বকে পুঁজি করে মোবাইল চুরির অভিযোগে মুক্তার মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুক্তার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার শরিয়তনগর এলাকার মজিবুর মিয়ার ছেলে।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশনে ডিউটিরত রেলওয়ে পুলিশ প্ল্যাটফর্মের ভাসমান ও ভবঘুরে প্রকৃতির লোকদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ অভিযান চালায়। অভিযানে স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে মুক্তার মিয়ার নামের হাত ভাঙা এক পঙ্গুকে তার নাম-ঠিকানা যাচাই ও তল্লাশি করে পুলিশ। তাকে তল্লাশি করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। মোবাইলের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে সে স্বীকার করে ভিক্ষাবৃত্তির আড়ালে মোবাইলটি চুরি করেছে।

মুক্তার মিয়া দীর্ঘদিন যাবত নিজের পঙ্গুত্ব আর ভিক্ষাবৃত্তিকে পুঁজি করে রেলওয়ে স্টেশনে ও বিভিন্ন ট্রেনে উঠে যাত্রীসহ সাধারণ মানুষের মোবাইল ও টাকা চুরি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানায়, বিভিন্ন সময় প্ল্যাটফর্মে এবং ট্রেনের ভেতরে যাত্রীদের কাছে ভিক্ষা চাওয়ার সময় সুযোগ বুঝে চুরি করে বলে সে স্বীকার করেছে। তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলটিও সে ট্রেনের কোনো এক যাত্রীর কাছ থেকে চুরি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা শেষে মুক্তার মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!