পুলিশের বিশেষ অভিযান: বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

অনিক খাঁন , সিনিয়ির রিপোর্টার

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ পিএম

রাজধানীর মিরপুর-১ এলাকায় অসামাজিক কার্যকলাপ দমনে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। মোঃ মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মদের বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী ও পুরুষকে আটক করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১-এর বাগদাদ মার্কেটের একটি বারে এবং সংলগ্ন আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের প্রথমে মিরপুর মডেল থানা-তে নেওয়া হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানা-তে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওইসব স্থানে অবৈধ মদ্যপান, অনৈতিক কর্মকাণ্ড এবং প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে একযোগে অভিযান চালিয়ে এসব কার্যকলাপের সঙ্গে জড়িতদের আটক করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন কক্ষ থেকে নারী ও পুরুষকে আটক করা ছাড়াও বেশ কিছু আলামত জব্দ করা হয়। সংশ্লিষ্ট বার ও আবাসিক হোটেলের কাগজপত্র ও লাইসেন্সও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার বলেন, “মিরপুর এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যারা অসামাজিক কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।

বিশ্লেষকদের মতে, কিছু অসাধু চক্র নারীকে ব্যবহার করে প্রলোভনের মাধ্যমে পুরুষদের ফাঁদে ফেলে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি।

মিরপুর-১ এ পরিচালিত এই বিশেষ অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারি ও কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

Advertisement

Link copied!