শাহরাস্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:৫৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নাসির আহম্মেদ (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের কালচৌ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স নিয়মিত মাদকবিরোধী অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার বিকেলে কালচৌ এলাকায় আবুল হোসেনের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে নাসির আহম্মেদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত নাসির আহম্মেদ ওরফে মন্টু (মিন্টু) কালচৌ গ্রামের (মিজি বাড়ি) মৃত নুরুল হুদার ছেলে।

এ ঘটনায় নাসির আহম্মেদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (এফআইআর নং-৬, জিআর নং-৭৫) রুজু করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

Link copied!