চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহের ভুঁইয়া (৬৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) সকালে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে মীরসরাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আবু তাহের ভুঁইয়া উপজেলার পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে। তিনি ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন স্থানীয় সংবাদ কর্মীদের জানান, রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আবু তাহের ভুঁইয়াকে আদালতে প্রেরণ করা হলে উক্ত সিআর মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে পরবর্তীতে দুপুরে ই-মেইলের মাধ্যমে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া আরও তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য ফরওয়ার্ডিং পাঠানো হয়। এসব মামলার মধ্যে দুটিতে তিনি এজাহারভুক্ত আসামি এবং অপর একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। এজাহারভুক্ত মামলার মধ্যে ইসরাকের গাড়ি বহরে হামলা ১৮(১০)২৪ ও মীরসরাই বিএনপি অফিস ভাঙচুর ১১(১০)২৪। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মামলা ৪(১২)২৫।
এ বিষয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাকে দিয়েছেন। তিনি ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আবু তাহের ভুঁইয়া ও তার ছেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আজ মঙ্গলবার কারাগারে ওকালতনামা পাঠিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আবু তাহের ভুঁইয়ার গ্রেপ্তারের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থকরা দ্রুত মুক্তি এবং মামলাগুলোর সুষ্ঠু আইনি নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :