সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন: ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’

মো: ওমর ফারুক রকি , সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৩:১২ পিএম

সীতাকুণ্ডে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন: ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উপজেলার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। র‍্যালি শেষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযানের অংশ হিসেবে সরকারি দপ্তরের ছাদ, আঙিনা, বাগান, ড্রেন এবং আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং সরকারি দপ্তরগুলোতে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "এ অভিযানের মাধ্যমে সরকারি দপ্তরের আঙিনা ও ছাদ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সবুজ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সিয়াম সরিষা
Link copied!