শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার, ২ পরোয়ানাভুক্ত আসামি আটক

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম

শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার, ২ পরোয়ানাভুক্ত আসামি আটক

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ১৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার এবং আদালতের পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক চৌকস দল এসব অভিযান পরিচালনা করে।

মাদকবিরোধী অভিযানে এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুলাই রাতে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার বেপারী বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার এলাকার বাসিন্দা মো. শরীফুল ইসলাম (১৯)-কে তার নিজ হেফাজতে থাকা ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম স্বীকার করেন, বিক্রয়ের উদ্দেশ্যে তিনি শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা (কাচারী বাড়ি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হান্নান কাজী (৫১)-এর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন। তবে অভিযানের সময় আব্দুল হান্নান কাজী পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৪৩, জিআর নং-২৩৬, তারিখ ২৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে একই দিনে ওসি মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনিরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আদালতের সিআর-২৬০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি শহীদ উল্লাহ এবং সিআর-১১৮/২০২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল হককে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত দুই পরোয়ানাভুক্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!